সিলেটে ডাকাতির ঘটনায় গণপিটুনির শিকার বিএনপি নেতা মো. মাহফুজুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর বিএনপির সহ-সভাপতি এবং পাকুন্দিয়া পৌর সদরের বড়বাড়ি এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাকুন্দিয়া পৌর বিএনপির সুপারিশ ও জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী মাহফুজুর রহমানের বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের তাকে সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এসএম মিনহাজ উদ্দিন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্প্রতি সিলেটে ডাকাতির ঘটনায় মাহফুজুর গণপিটুনির শিকার হন এবং তার বিরুদ্ধে ডাকাতির একটি মামলা দায়ের হয়। বিষয়টি কেন্দ্রীয় বিএনপির নজরে আসার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।





