বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন। দলটির চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর রোববার (১০ নভেম্বর) এক বেসরকারি টিভি চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রবাস জীবন শেষে ঢাকায় ফিরে তারেক রহমান মায়ের বাড়ির পাশের ১৯৬ নম্বর গুলশান এভিনিউতে থাকবেন। ওই বাড়িতে চলেছে সংস্কার কাজ, বাইরে নতুন রং, সীমানা প্রাচীরে কাঁটাতারের বেষ্টনি এবং নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

তবে তারেক রহমান দেশে ফিরে যেখানেই অফিস করবেন, সেই কার্যালয়েও নিরাপত্তা এবং সংস্কার কাজ চলছে। গুলশান-২, ৮৬ নম্বর রোডের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

ফজলে এলাহী জানান, দেশের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ সিকিউরিটি ফোর্সের সাহায্য নেওয়া হতে পারে।

দেশে ফেরার আগে চলতি মাসে ওমরাহ পালনের কথা থাকলেও তা নির্বাচন পরবর্তী সময়ে স্থগিত রাখা হয়েছে। এছাড়া, গত মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএনপিকে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য দুটি বুলটপ্রুফ গাড়ি কেনার অনুমোদন দিয়েছে। অস্ত্রের লাইসেন্সও শিগগিরই মিলবে বলে আশা প্রকাশ করেছেন নিরাপত্তা উপদেষ্টা।

উল্লেখ্য, ২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবার ১৭ বছর পর তিনি দেশে ফিরবেন।