গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮২ জন রোগী ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুজনিত কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। চলতি সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৫ জন।


শনিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৭৮ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ৬৬ জন, ডিএনসিসিতে ৫৮ জন, ডিএসসিসিতে ৭১ জন, চট্টগ্রাম বিভাগে ৭৬ জন, রাজশাহী বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ২১ জন।


চলতি বছর (২০২৫ সালে) এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এদের মধ্যে ৮৬ জন পুরুষ এবং ৮১ জন নারী। মৃত্যুর সংখ্যায় ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন অঞ্চলই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত—এখানেই মৃত্যু হয়েছে ৮৩ জনের।


সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা গেছেন ৫৭৫ জন। এর আগের বছর, ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের।