দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল ৮টা থেকে রোববার (১৭ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ হাজার ৩৭৮ জন।

অধিদফতরের তথ্যে আরও জানা যায়, শুধু আগস্ট মাসেই এখন পর্যন্ত ৫ হাজার ৩৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২২ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১ হাজার ২৬২ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকায় ৪১০ জন এবং ঢাকার বাইরে ৮৫২ জন ভর্তি রয়েছেন।

মাসওয়ারি হিসেবে স্বাস্থ্য অধিদফতর জানায়:

জানুয়ারিতে ভর্তি হন ১,১৬১ জন, মৃত্যু ১০

ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মৃত্যু ৩

মার্চে ৩৩৬ জন, মৃত্যু নেই

এপ্রিলে ৭০১ জন, মৃত্যু ৭

মে মাসে ১,৭৭৩ জন, মৃত্যু ৩

জুনে ৫,৯৫১ জন, মৃত্যু ১৯

জুলাইয়ে ১০,৬৮৪ জন, মৃত্যু ৪১

স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করছেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু সংক্রমণ বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই সবাইকে মশা নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।