দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩৯৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এ রোগে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (৩০ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে সর্বোচ্চ ১০১ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটিতে ৬০ জন, ঢাকা উত্তর সিটিতে ৪৬ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ৫২ জন, চট্টগ্রামে ৬৪ জন, খুলনায় ২৬ জন, রাজশাহীতে ৩৮ জন, রংপুরে ৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।


এ সময়ের মধ্যে সারা দেশে ৩৬৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন। চলতি বছর মোট ১৮ হাজার ৯৫১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর।


উল্লেখ্য, জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৩১৬ জনে। এ সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৯ জন।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিধন কার্যক্রম জোরদার এবং সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।