এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে দেশে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে ৩৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৫০ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩২ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৯ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩৯ জন। এছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪ জন, ময়মনসিংহে ৫ জন, রাজশাহীতে ২৯ জন, রংপুরে ৩ জন এবং সিলেট বিভাগে ২ জন ভর্তি হয়েছেন।

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ৪৫৬ জন। তাদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী। হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১০ হাজার ৮২ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪৫ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন, এবং মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।