গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে, এবং নতুন করে ৩৯৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এই তথ্য রেকর্ড করেছে স্বাস্থ্য অধিদফতর।
সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৮ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৯ হাজার ৯২৩ জন।
এ বছরের জুলাই মাসেই সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে। এ মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬২৭ জন এবং প্রাণ হারিয়েছেন ৩৬ জন।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বলছে, ২০২4 সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ধাপে ধাপে রোগীর সংখ্যা বেড়েছে। জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিল মাসে ৭০১ জন, মে’তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এই ছয় মাসে ডেঙ্গুতে মারা গেছেন মোট ৪২ জন—জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিল ৭, মে ৩ এবং জুনে ১৯ জন।
উল্লেখযোগ্যভাবে, ২০২৩ সালে বাংলাদেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। ওই বছর মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যু হয়েছিল ১ হাজার ৭০৫ জনের, যা ছিল দেশের রেকর্ড সংখ্যক ডেঙ্গুজনিত মৃত্যু।





