রাজধানীসহ সারা দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিন নতুন করে অসংখ্য মানুষ আক্রান্ত হচ্ছেন, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮০ জন রোগী।
রোববার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরের অংশে সবচেয়ে বেশি, ১২৮ জন রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম (৯৪ জন), ঢাকা বিভাগ (৮৫ জন), ঢাকা উত্তর সিটি করপোরেশন (৮৫ জন), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (৮০ জন), রাজশাহী (৫৫ জন), খুলনা (৩২ জন), ময়মনসিংহ (১৭ জন), রংপুর (৩ জন) এবং সিলেট বিভাগে (১ জন)।
একই সময়ে ৫৫২ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩২ হাজার ৭০৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩৫ জন, আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ৪১১ জনে।
উল্লেখ্য, দেশে ডেঙ্গুর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছিল ২০২৩ সালে, সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এরপর ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১ লাখ ১ হাজার ২১১ জনে। এর আগের বছর ২০২২-এ রোগীর সংখ্যা ছিল ৬২ হাজার ৩৮২ জন, ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন, ২০২০ সালে ১ হাজার ৪০৫ জন, আর ২০১৯ সালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ৩৫৪ জন।
চলতি বছর এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।





