গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪২৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের (সিটি করপোরেশন বাদে) হাসপাতালে ভর্তি হয়েছেন ১০৪ জন, ঢাকার বিভিন্ন হাসপাতালগুলোতে ১১৩ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলায় ৭৪ জন, চট্টগ্রামে ৩৯ জন, রাজশাহীতে ৫০ জন, খুলনায় ৩০ জন, রংপুরে ৪ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫৩ জন পুরুষ এবং ৩৯ জন নারী।

এছাড়া, এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২২ হাজার ৮১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে শুধু জুলাই মাসেই ভর্তি হয়েছেন ১০ হাজারের বেশি রোগী।