গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২৩৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫,৪১৬ জন।
স্বাস্থ্য অধিদফতর জানায়, অক্টোবরে ইতিমধ্যে ৮,০৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৫ জন মারা গেছেন। বর্তমানে দেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ২,৬২২ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকায় ৯৬৩ জন, বাকি ১,৬৫৯ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।
বছরের মাসভিত্তিক তথ্য অনুযায়ী, এই বছরের জানুয়ারিতে ১,১৬১, ফেব্রুয়ারিতে ৩৭৪, মার্চে ৩৩৬, এপ্রিলে ৭০১, মে’তে ১,৭৭৩, জুনে ৫,৯৫১, জুলাইয়ে ১০,৬৮৪, আগস্টে ১০,৪৯৬ এবং সেপ্টেম্বরে ১৫,৮৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মৃত্যুর সংখ্যা মাসভিত্তিক: জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে ৩, এপ্রিলে ৭, মে’তে ৩, জুনে ১৯, জুলাইয়ে ৪১, আগস্টে ৩৯, এবং সেপ্টেম্বরে ৭৬ জন মারা গেছেন।





