গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে ৯২৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ভর্তি হওয়া ৯২৮ জন রোগীর মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালে ৩৪৫ জন, ঢাকা বিভাগের অন্যান্য এলাকায় ১৯৪ জন, বরিশাল বিভাগে ১২০ জন, চট্টগ্রাম বিভাগে ৮৮ জন, খুলনা বিভাগে ৪৬ জন, ময়মনসিংহ বিভাগে ৫৬ জন, রাজশাহী বিভাগে ৬৩ জন, রংপুর বিভাগে ১৩ জন এবং সিলেট বিভাগে ৩ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৭৮ জন মারা গেছেন। একই সময়ে ৬৯,৩৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।





