গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ২০২৫ সালে ডেঙ্গুজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৭ জনে। চলতি সপ্তাহেই প্রাণ হারিয়েছেন ২০ জন রোগী। এ সময়ে নতুন করে ৬৬৮ জন ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৭৭১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত মোট ৪১ হাজার ৬৩৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
আঞ্চলিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি, অর্থাৎ ১৫৮ জন রোগী ভর্তি হয়েছেন। এরপর রয়েছে চট্টগ্রাম বিভাগে ১০৬ জন, ঢাকা বিভাগের সিটি এলাকার বাইরে ১২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯৪ জন এবং দক্ষিণ সিটিতে ৭৩ জন। খুলনায় ৪১ জন, রাজশাহীতে ৩৫ জন, ময়মনসিংহে ৩০ জন এবং রংপুর বিভাগে পাঁচজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার আশঙ্কা করছেন। সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগকে আরও তৎপর হতে বলা হয়েছে।





