সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮০ জন রোগী। বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন, ঢাকা বিভাগে ৪৪ জন, খুলনা বিভাগে ২৫ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে তিনজন ও রংপুর বিভাগে চারজন রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৪ জন এবং দক্ষিণ সিটি করপোরশনে ৩০ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এ বছর এখন পর্যন্ত মোট ১৭ হাজার ১৯৩ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
২০২৫ সালের শুরু থেকে ২৪ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬২৫ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ৪ শতাংশ নারী।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারী ব্যক্তি চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, মারা যান ৫৭৫ জন। আর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মৃত্যুবরণ করেছিলেন ১ হাজার ৭০৫ জন— যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশক নিয়ন্ত্রণে জোরদার পদক্ষেপ এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন।





