সারাদেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩৮৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (২৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, সর্বাধিক রোগী ভর্তি হয়েছে বরিশাল বিভাগে, যেখানে গত ২৪ ঘণ্টায় ১৩৬ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৬০ জন, ঢাকার বাইরে ঢাকা বিভাগে ৪৮ জন, খুলনায় ৪১ জন, চট্টগ্রামে ৫৫ জন, রাজশাহীতে ৩৩ জন এবং ময়মনসিংহ বিভাগে ১০ জন রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৩ জন পুরুষ এবং ১৯ জন নারী। একই সময়ে সারাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৮৬৭ জনে।
স্বাস্থ্য অধিদফতর পরিস্থিতি মোকাবেলায় সতর্কতা ও সচেতনতা বাড়াতে জনগণকে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।





