গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৬২২ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও ৫ জন।


বুধবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন আক্রান্তদের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, বরিশালে ১৩১ জন, চট্টগ্রামে ৯৮ জন, ঢাকা বিভাগের গ্রামীণ এলাকায় ১০৪ জন, ঢাকা উত্তর সিটিতে ১০০ জন, দক্ষিণ সিটিতে ৯৯ জন, খুলনায় ১৪ জন, ময়মনসিংহে ১৯ জন, রাজশাহীতে ৫১ জন এবং রংপুরে ৬ জন রোগী ভর্তি হয়েছেন।


এদিকে, গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫০৮ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৩৭ হাজার ৬৮৮ জন।


স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮১৪ জনে। মৃত্যুর সংখ্যা ১৬১ জন।


প্রসঙ্গত, ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয় ৫৭৫ জনের। তার আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।


দেশে ডেঙ্গুর প্রকোপ চলতি বছর তুলনামূলক কম হলেও এখনও মৃত্যু ও সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক পর্যায়ে রয়েছে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।