দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯২ জনে। একই সময়ে নতুন করে ৮৪৫ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সর্বাধিক রোগী বরিশাল বিভাগে শনাক্ত হয়েছে, যেখানে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৬ জন। এরপরেই রয়েছে ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকা, যেখানে ১৬৪ জন ভর্তি হয়েছেন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৯৭ জন এবং দক্ষিণ সিটিতে ১১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চট্টগ্রাম বিভাগে ৯১ জন, খুলনায় ১০১ জন, রাজশাহীতে ৫৪ জন, ময়মনসিংহে ৩৭ জন, রংপুরে ১৭ জন এবং সিলেট বিভাগে ৬ জন রোগী নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গু পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।





