দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে একজন এবং দক্ষিণ সিটি করপোরেশনে দু’জনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৪ আগস্ট) সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৪১২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১২২ জন এবং ঢাকার বাইরে ২৯০ জন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ২৯ হাজার ৪৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৫৯.৩ শতাংশ পুরুষ এবং ৪০.৭ শতাংশ নারী।
এ সময়ের মধ্যে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৮ জনে। তাদের মধ্যে পুরুষ ৫৬.৮ শতাংশ এবং নারী ৪৩.২ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর বলছে, ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক। বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর জোর দিচ্ছেন।





