গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৩৮২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


\r\n

মঙ্গলবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


\r\n

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৭ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৭ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ জন রয়েছেন।


\r\n

গত ২৪ ঘণ্টায় ৩৭০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৬৩৩ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


\r\n

২০২৪ সালের ১২ আগস্ট পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৯৯৯ জনে। এর মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী। এ সময় পর্যন্ত ডেঙ্গুতে মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে।


\r\n

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন। ২০২৩ সালে এই রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন এক হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।