গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৭৮ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৭২ জন, চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে ৩৫ জন, খুলনা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ময়মনসিংহ বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৫ জন এবং রংপুর বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন রয়েছেন।
একই সময়ে ৩০৪ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ১৯ হাজার ৬৩৫ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
এ বছরের ৩১ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৯৮০ জনে। আক্রান্তদের মধ্যে ৫৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক ২ শতাংশ নারী।
গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করা দুজনের মধ্যে একজন ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরের) বাসিন্দা।
চলতি বছর জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৮৩ জনের। আর মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। উল্লেখ্য, গত বছর (২০২৩ সালে) ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্তের সংখ্যা ছিল ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।





