সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে রয়েছেন ১৩২ জন, চট্টগ্রামে ৩০ জন, ঢাকার বাইরে (ঢাকা বিভাগে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২৮ জন, দক্ষিণ সিটিতে ৪৭ জন, খুলনা বিভাগে ১৮ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১৭ হাজার ৬৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, জানুয়ারি ২০২৫ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১৯ হাজার ১২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৭৩ জন।

উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ওই বছর মোট মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর, ২০২৩ সালে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ১ হাজার ৭০৫ জন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী।