২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ক্লাস না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট। সোমবার (১৭ নভেম্বর) সকালেই ইউনিটটির সম্পাদক অধ্যাপক আল কামাল মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি প্রকাশের পর সকাল থেকে সাত কলেজের বিভিন্ন ক্যাম্পাস থেকে শিক্ষকরা নিজস্ব পরিবহনে ঢাকা কলেজে জমায়েত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষকেরা অডিটোরিয়ামে ঢুকে আলোচনা সভা করছেন, ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
\r\nঅডিটোরিয়ামের বাইরে নবীন শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার দাবিতে বিক্ষোভ করেছেন। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, শিক্ষকরা সরাসরি মন্ত্রণালয়ের নির্দেশনার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।
শিক্ষকদের উপস্থিতির বিষয়ে কেউ সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে অডিটোরিয়ামে উপস্থিত শিক্ষকরা বলছেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের মাধ্যমে সরকারি কলেজে দায়িত্ব পালনরত অবস্থায় প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি ও ক্লাস শুরু প্রক্রিয়ায় অংশগ্রহণ করা তাদের জন্য সম্ভব নয়।
নভীন শিক্ষার্থীরা জানান, তারা আগে থেকে ভর্তি কার্যক্রম শুরু করার নোটিশ পেয়েছিলেন। কিন্তু আজ শিক্ষক সভার কারণে কার্যক্রম স্থগিত রয়েছে, ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থী ও অভিভাবকরা ভোগান্তির সম্মুখীন হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী মো. নাঈম হাওলাদার বলেন, “শিক্ষা উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন প্রশাসক ও অন্যান্য কর্মকর্তারা ভর্তি কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু শিক্ষকরা তা বিরোধিতা করেছেন। রাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে এই আচরণ অসম্মানজনক।”
বিষয়টি নিয়ে সভাপতিসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
\r\nসাত কলেজের শিক্ষকরা অডিটোরিয়ামে আলোচনা সভা চলাকালীন, অডিটোরিয়ামের বাইরে শিক্ষার্থীরা ভর্তি কার্যক্রম শুরুর দাবিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, যদি আজকের মধ্যে ভর্তি কার্যক্রম শুরু না হয়, তাহলে তারা চূড়ান্ত কর্মসূচির দিকে যাবে।





