মুন্সীগঞ্জের গজারিয়ায় জান্নাত হোসেন (২৭) কে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে স্থানীয়রা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। একই সঙ্গে গজারিয়া থানার সামনে বিক্ষোভ ও মানববন্ধনও অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ১১টায় গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় নয়ানগর গ্রামের শত শত নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে থানা পুলিশের অনুরোধে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিয়ে গজারিয়া থানার নতুন গেটের সামনে মানববন্ধন করেন।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর নয়ানগর গ্রামে প্রতিবেশী মাদকাসক্ত দুই ভাইয়ের ঝগড়ার সময় তাদের মা তাসলিমা বেগম জান্নাত হোসেনকে ডেকে পাঠান। এ সময় ধারালো অস্ত্রের কোপে জান্নাত নিহত হন। তিনি নয়ানগর গ্রামের আব্দুল হকের ছেলে।
মৃতকের মা জাহানারা বেগম গজারিয়া থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে—শাহীন রাঢ়ী, তার তিন ছেলে রিয়াদ, তারেক ও তাজবীন রাঢ়ী এবং স্ত্রী তাসলিমা বেগম।





