উচ্চশিক্ষার উন্নয়ন ও টেকসই উৎকর্ষতা নিয়ে আয়োজিত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক কর্মশালায় অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।সোমবার বিকেলে ইউজিসি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মশালার বিস্তারিত তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ।

তিনি জানান, কর্মশালায় শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত থাকবেন। অধ্যাপক মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান তারেক রহমান। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদির কবর জিয়ারত করেছিলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এই কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারের ভবিষ্যৎ উচ্চশিক্ষা পরিকল্পনা নির্ধারণেও এটি সহায়ক হবে।

কর্মশালায় পাঁচটি টেকনিক্যাল অধিবেশন অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, অধ্যাপক মো. সাইদুর রহমান, অধ্যাপক মাছুমা হাবিব ও অধ্যাপক মোহাম্মদ আইয়ুব ইসলাম উপস্থিত ছিলেন।