সাত কলেজকে নিয়ে গঠিত নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি–এর প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন এ এস মো. আবদুল হাছিব।

রোববার (১৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, ২০২৬’-এর ১১(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বর্তমানে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়–এর স্নাতকোত্তর অধ্যয়ন অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে যোগদানের তারিখ থেকে তার মেয়াদ হবে চার বছর। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধাও ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে। প্রয়োজনে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে একটি স্বায়ত্তশাসিত কাঠামোর আওতায় আনতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়। কলেজগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।


নতুন এই বিশ্ববিদ্যালয়ের যাত্রার মধ্য দিয়ে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজের জন্য একক প্রশাসনিক কাঠামো কার্যকর হতে যাচ্ছে।