বিএনপি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে ঢাকা-১৪ আসনে মনোনয়ন পেয়েছেন মায়ের ডাকের অন্যতম সমন্বয়ক সানজিদা তুলি। আজ (সোমবার, ৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলীয় প্রার্থীদের নাম প্রকাশ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, “দীর্ঘ ১৬ বছর পর আগামী ফেব্রুয়ারিতে আমরা গণতান্ত্রিক নির্বাচন পেতে যাচ্ছি। সেই নির্বাচনের জন্য প্রায় ২৩৭ আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হচ্ছে।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।





