ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন শফিকুল ইসলাম খান মিল্টন। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নাম ঘোষণা করেন।
এই আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও প্রার্থী হচ্ছেন। রাজনৈতিক অঙ্গনের পর্যবেক্ষণ বলছে, ঢাকা-১৫ আসনে ধানের শীষ ও দাঁড়িপাল্লার মধ্যে হবে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। ফলে বিএনপির শফিকুল ইসলাম খান মিল্টনকে এ আসনে জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
একই দিনে বিএনপি সারাদেশের ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। দলটির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই তালিকা ঘোষণা করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।





