ঢাকা-১৬ আসনের নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী মো. আব্দুল বাতেন। তিনি বিএনপির প্রার্থী মো. আমিনুল হকের চেয়ে ৩ হাজার ৩৬১ ভোটে এগিয়ে যান। আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন, আর আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।


\r\n

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এই ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, ঢাকা-১৬ আসনে পোস্টাল ভোটসহ মোট ১৩৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের হার ছিল ৪৬ শতাংশ।


\r\n

মোট ভোটার ছিলেন ৪ লাখ ৪৯৯। এর মধ্যে ১ লাখ ৮৪ হাজার ৫৬৩ জন ভোট দিয়েছেন। বাতিল ভোটের সংখ্যা ৩ হাজার ৭৬৪টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়ায় ১ লাখ ৮০ হাজার ৭৯৯।


\r\n

এই আসনে মোট ১১ জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। অন্যান্য প্রার্থীর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম (হাত-পাখা প্রতীক) পেয়েছেন ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির মো. সুলতান আহ্মেদ সেলিম (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৪৬৪ ভোট।