আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান ও দলটির মনোনীত প্রার্থী তারেক রহমান এগিয়ে রয়েছেন। একটি জনমত জরিপে দেখা গেছে, তিনি ৪৬ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেন।

বেসরকারি জরিপকারী সংস্থা সোচ্চারের পরিচালিত জরিপ অনুযায়ী, তারেক রহমানের নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. খালিদুজ্জামান পেতে পারেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট। এছাড়া ২১ দশমিক ৬ শতাংশ ভোটার এখনো সিদ্ধান্তহীন বলে জরিপে উঠে এসেছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।

ঢাকা-১৭ আসন গঠিত হয়েছে গুলশান, বনানী, নিকেতন, মহাখালী, কড়াইল বস্তি, বারিধারা, শাহজাদপুর, কালাচাঁদপুর, ভাষানটেক, মাটিকাটা এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৪ হাজার ৭০৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৯ হাজার ৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৮ জন।

আসনটিতে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের মূল লড়াই ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীদের মধ্যেই সীমাবদ্ধ বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

জরিপে মোট ৫১৫ জন ভোটারের মতামত নেওয়া হয়। এর মধ্যে পুরুষ ২৬৯ জন এবং নারী ২৪৬ জন। জরিপের ফলাফলে দেখা যায়, ২৩৯ জন ভোটার, অর্থাৎ ৪৬ দশমিক ৪ শতাংশ ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমানকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের মধ্যে তারেক রহমানের প্রতি সমর্থন বেশি। জরিপে অংশ নেওয়া ৫১ দশমিক ৩ শতাংশ পুরুষ ভোটার তাকে ভোট দেওয়ার কথা জানান। নারীদের মধ্যে তার সমর্থনের হার ৪১ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. খালিদুজ্জামান পুরুষ ভোটারদের ২৮ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারদের ২৭ দশমিক ৬ শতাংশ ভোট পেতে পারেন বলে জরিপে উল্লেখ করা হয়েছে।

জরিপে আরও দেখা যায়, নারী ভোটারদের ১৬ শতাংশ এবং পুরুষ ভোটারদের ২৬ দশমিক ৪ শতাংশ এখনো সিদ্ধান্ত নেননি। এছাড়া ভোট দেওয়ার সিদ্ধান্ত নিলেও প্রার্থী প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন ৩ দশমিক ৩ শতাংশ ভোটার। দুই প্রধান প্রার্থীর বাইরে অন্য প্রার্থীদের ভোট দেওয়ার কথা জানিয়েছেন ১ দশমিক ৪ শতাংশ ভোটার।