ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলার পরিপ্রেক্ষিতে ঢাকা-৪ ও ঢাকা-১৬ আসনের ব্যালট পেপার, ফলাফল শিট এবং অন্যান্য নির্বাচনী সরঞ্জাম নির্বাচন কমিশনের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে ওই দুই আসনের বিজয়ী প্রার্থীদের নোটিশ পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ জুন নির্ধারণ করা হয়েছে।
রোববার বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানির জন্য গ্রহণ করে এই আদেশ দেন।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন ঢাকা-৪ আসনের বিএনপি প্রার্থী তানভীর আহমেদ রবিন এবং ঢাকা-১৬ আসনের বিএনপি প্রার্থী প্রতিমন্ত্রী আমিনুল হক। তারা আবেদনে ভোট পুনর্গণনার দাবি জানান।
এ পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে বিএনপির ৮ জন, জামায়াতে ইসলামীর ৭ জন এবং একজন স্বতন্ত্র প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার ব্যালট পেপার ও ফলাফল শিট সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।





