ঢাকা-৬ আসনের বাসাবাড়ির দীর্ঘদিনের গ্যাস সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ইশরাক হোসেন। তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এর আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চলমান তীব্র গ্যাস সংকটের বিষয়টি আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা রান্না ও দৈনন্দিন কাজে গ্যাসের অভাবে চরম ভোগান্তির কথা বারবার জানিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈঠকে প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বাসাবাড়ির গ্যাস সংকটের স্থায়ী সমাধানের বিষয়টি গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্য বাস্তবায়নে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।
এ সময় গ্যাস সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, পাইপলাইনের চাপ সমস্যা, অবৈধ সংযোগ নিয়ন্ত্রণ এবং অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে ভোগান্তি কমানোর আশ্বাস দেওয়া হয়েছে।





