আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত তপশিল অনুযায়ী মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর পর্যন্ত এসব তথ্য পাওয়া গেছে।


ইসি সূত্র জানায়, মনোনয়ন প্রত্যাহারকারীদের মধ্যে জামায়াতে ইসলামীর একজন প্রার্থী রয়েছেন। পাশাপাশি খেলাফত মজলিসের দুজন, বাংলাদেশ খেলাফত মজলিসের একজন এবং গণসংহতি আন্দোলনের একজন প্রার্থী মনোনয়ন তুলে নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ ছিল।


তপশিল অনুযায়ী আগামী বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ২২ জানুয়ারি থেকে শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার।


ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ করা হবে।


এদিকে নির্বাচন কমিশন জানিয়েছে, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা ৬৪৫টি আপিলের মধ্যে ৪২৫টি মঞ্জুর, ২০৯টি নামঞ্জুর এবং ১১টি প্রত্যাহার করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন, আপিল নিষ্পত্তির ক্ষেত্রে কোনো ধরনের পক্ষপাত করা হয়নি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা প্রয়োজন।