১২০০ শিক্ষার্থীর অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হলো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫। যেখানে অংশগ্রহণ করেছে দেশের সুনামধন্য ইংলিশ মিডিয়ামের ৭০টিরও বেশি বিদ্যালয়ের প্রায় ১২০০ শিক্ষার্থী। ঢাকা ও গাজীপুরের ৮টি অঞ্চলে বারোটি ভেন্যুতে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের গনিতে ভীতি দূরীকরণ, গণিত চর্চাকে আরও সমৃদ্ধ করা, তাদের প্রতিভা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা এবং তরুণ প্রজন্মের মাঝে গণিতকে জনপ্রিয় করে তোলা। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, নিজেদের মেধা ও দক্ষতার পরিচয় দিয়েছে।

ক্লারিয়ন কল ম্যাগাজিনের সম্মানিত সম্পাদক কর্ণেল (অবঃ) আশরাফ আল দীন বলেন, আমরা প্রতি বছর ক্লারিয়ন কলের উদ্যোগে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে থাকি, তার মধ্যে ম্যাথ অলিম্পিয়াড অন্যতম।  তিনি আরো বলেন শুধুমাত্র একাডেমিক পড়াশুনা লেখাপড়া নয়। একাডেমিক পড়াশোনা এক ধরণের লেখাপড়া আর আমাদেরটা এক্সট্রা কো-কারিকুলার আয়োজন। মূলত কাউকে প্রকৃত শিক্ষা অর্জন করতে হলে তাকে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিজ দিতে হয়।

এরপর তিনি বলেন, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও উৎসাহ প্রমাণ করে যে ভবিষ্যৎ প্রজন্ম গণিতসহ শিক্ষার অন্যান্য ক্ষেত্রেও বিশ্বমঞ্চে দেশের মর্যাদা উজ্জ্বল করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন একাডেমেশিয়ান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। আয়োজকরা আশা প্রকাশ করেন যে, এই আয়োজন শিক্ষার্থীদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে।

উল্লেখ্য, গণিতকে জনপ্রিয় করতে ২০২৪ সালে প্রথমবারের মতো ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। সেই ধারাবাহিকতায় এবারেও আয়োজন হয়েছে, “ক্লারিয়ন কল ম্যাথ অলিম্পিয়াড ২০২৫”।