আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ঢাকা-১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ধানমন্ডি থানা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় তিনি মনোনয়ন ফর্ম গ্রহণ করেন।


মনোনয়ন ফর্ম সংগ্রহের পর আসিফ মাহমুদ জানান, প্রচারণার ক্ষেত্রে ঝুঁকি রয়েছে, তাই স্বাভাবিকভাবে প্রচারণা করা সম্ভব হচ্ছে না। তিনি বলেন, “শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও পর্যন্ত সরকার গ্রেপ্তার করতে পারেনি। এটি সরকারের ব্যর্থতা। প্রার্থিরা ঝুঁকির মধ্যে রয়েছেন, বিশেষ করে যারা জুলাই অভ্যুত্থানের নেতা। তাদের নিরাপত্তা নিশ্চিত করা দরকার।”


তিনি আরও বলেন, “সরকারকে প্রার্থীসহ জুলাই অভ্যুত্থানের নেতাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। যেন শহিদ ওসমান হাদির মতো ঘটনা আর কেউ না ভোগে।”


আগেই ঘোষণা অনুযায়ী আসিফ মাহমুদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়বেন। যদিও কিছু দল তাঁকে সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিল, শেষ পর্যন্ত ১২ ডিসেম্বর তিনি নিজেই জানিয়েছেন, কোনো দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ এলাকায় গঠিত। ইতিমধ্যেই তিনি এই আসনের ভোটারও হয়েছেন।