ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর তেজগাঁও এলাকার স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে তেজগাঁও কলেজের পাশে অবস্থিত ওই হোস্টেলে এ ঘটনা ঘটে।


অভিযোগ অনুযায়ী, ওই ছাত্রীকে দেখতে তার এক অতিথি হোস্টেলে গেলে পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করেন এবং তাকে কক্ষে আটকে রাখেন। এতে ছাত্রীটি অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে তাতেও বাধা দেন রাজিয়া বেগম।


ঘটনার খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের কয়েকজন ছাত্রনেতা—জিয়াউর রহমান হলের ভিপি, সূর্যসেন হলের ভিপি ও হাজী মুহাম্মদ মুহসিন হলের সমাজসেবা সম্পাদক—শেরেবাংলা থানায় যোগাযোগ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করে থানায় নিয়ে আসে।


শেরেবাংলা থানার ডিউটি অফিসার জানান, ‘খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজিয়া বেগমকে আটক করেছে। ভুক্তভোগী ছাত্রী অভিযোগ করেছেন, তাকে মারধর ও হেনস্তা করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তে যার সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’