বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়ান ওয়াও তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


সাক্ষাতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদুর রহমান এবং তথ্য সচিব মাহবুবা ফারজানা উপস্থিত ছিলেন।


বৈঠকে তথ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত ও নির্ভরযোগ্য বন্ধু। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা আরও বাড়লে পারস্পরিক উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে প্রযুক্তি খাতে দ্রুত পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন, যেখানে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে।


চীনা রাষ্ট্রদূত বৈঠকে তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।


\r\n\r\n\r\n\r\n\r\n

তিনি আরও প্রস্তাব দেন, আগামী জুলাই ও অক্টোবর মাসে চীনে দুটি আন্তর্জাতিক সামিট আয়োজন করা হতে পারে, যেখানে বাংলাদেশের সাংবাদিক ও বুদ্ধিজীবীরা অংশ নিয়ে প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ পাবেন।