মালয়েশিয়ায় অনুষ্ঠিত এক দোয়া ও আলোচনা সভায় পীর খ্যাত ড. এনায়েতুল্লাহ আব্বাসী মন্তব্য করেছেন, কোরআন-হাদীসের আলোকে তাকওয়াভিত্তিক জীবন, সমাজ ও রাষ্ট্র গঠন না হলে বাংলাদেশ কখনো দুর্নীতিমুক্ত হবে না এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না।

রোববার কুয়ালালামপুরের হোটেল জি টাওয়ার বলরুমে বাংলাদেশী কমিউনিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশে এখন বড় সমস্যা দুর্নীতি। রাজনৈতিক ব্যবস্থার মধ্যে কার্যকর ব্যবস্থা না থাকায় দেশ একটি গভীর সঙ্কটে আছে। সনদ বা নীতি থাকলেও তা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে না।”

তিনি আরও সতর্ক করে বলেন, “ভুল করলেও ক্ষমা চাওয়া ও তওবা করার মানসিকতা না থাকা শয়তানের উত্তরসূরীর কাজ। যেমন ডাক্তারদের ভুল চিকিৎসা রোগীকে মারাতে পারে, ঠিক তেমনি আলেমদের ভুল বক্তব্য শ্রোতাদের ঈমান নষ্ট করতে পারে।”

সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ার ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মো: সাখাওয়াত হোসেন, দাতু আ: জলিল লিটন, ড. এসএম রহমান তনু, ড. ওয়ালী উল্লাহ জাহিদ, মো: কাজী সালাউদ্দিন আহমেদ, মো: মির্জা সালাহউদ্দিন, মো: আ: রহিম ভুইয়া, বিএম নিয়াজ মাহমুদ নিপু, মো: দিদার সরকার ও বিএম রাসেল।