ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে উত্তেজনার মাঝেই নতুন বিতর্ক সৃষ্টি করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম। তিনি সাবেক জাতীয় অধিনায়ক ও সফল ওপেনার তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেন, যা ক্রিকেটাঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি করেছে।


বৃহস্পতিবার সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তামিম ইকবাল ভারত বিশ্বকাপে না যাওয়ার বিষয়ে মন্তব্য করেন। সেই মন্তব্যের একটি ফটোকার্ড নিজের ফেসবুক পেজে শেয়ার করে নাজমুল ইসলাম লেখেন, “এইবার আরো একজন পরিক্ষিত ভারতীয় দালাল এর আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।” পোস্টটি কিছুক্ষণ পরে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার পর মুছে ফেলা হয়।


গত শনিবার থেকে বাংলাদেশ ও ভারতের ক্রিকেট অঙ্গনে উত্তাপের কেন্দ্রবিন্দু হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরানো এবং তার প্রেক্ষিতে বাংলাদেশ দলের ভারতে না যাওয়ার সিদ্ধান্ত। এই সংকটের মধ্যে মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টে ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে তামিম নিজের অবস্থান জানান।


প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি যদি বোর্ডে থাকতাম, দেশের ভবিষ্যৎ এবং সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিতাম। হুট করে মন্তব্য করা জটিল। তবে আলোচনা ও সময় দিয়ে সমস্যার সমাধান সম্ভব। বাংলাদেশের ক্রিকেট ও ভবিষ্যৎ বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া উচিত।”


তিনি আরও বলেন, “বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমরা স্বাধীন প্রতিষ্ঠান মনে করি। অবশ্যই সরকারের সঙ্গে আলোচনা করা দরকার। কিন্তু বোর্ডের নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকতে হবে। ভবিষ্যতের প্রভাব সবসময় মনে রেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। বিশেষ করে আমাদের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে, তাই এমন সিদ্ধান্ত নেয়ার আগে সবকিছু বিবেচনা করতে হবে।”


এই বক্তব্যের ফটোকার্ড শেয়ার করেই নাজমুল ইসলাম বিতর্কিত মন্তব্যটি করেন।

উল্লেখ্য, নাজমুল ইসলাম ৬ অক্টোবর বিসিবি নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন। পরের দিন তাকে বোর্ড সভায় অর্থ কমিটির চেয়ারম্যান করা হয়। নির্বাচনের সময় নানা প্রশ্ন ও বিতর্কও ওঠে; তৎকালীন ক্রীড়া উপদেষ্টার প্রভাব নিয়ে অভিযোগ ওঠে, যার কারণে তামিম ইকবালসহ মোট ২১ জন প্রার্থী ভোটের আগেই সরে যান।