ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে নির্বাচন কমিশনের বেসরকারি ফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টি আসনে জয় পেয়ে সরকার গঠনের পথে এগিয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণে তারেক রহমানের প্রচেষ্টার প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ পৃথক বার্তায় অভিনন্দন জানিয়েছেন। তারা গণতান্ত্রিক অংশীদারত্ব ও পারস্পরিক অগ্রগতির প্রত্যাশা ব্যক্ত করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই জয়কে ‘গণতন্ত্রের বিজয়’ আখ্যা দিয়ে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানান। এদিকে ঢাকাস্থ চীনা দূতাবাস সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু-ও এক বার্তায় তারেক রহমানকে অভিনন্দন জানান এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের আশা প্রকাশ করেন। দুই-তৃতীয়াংশ আসনে জয় পাওয়ার ফলে বিএনপি সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন-পরবর্তী কূটনৈতিক তৎপরতায় নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহ দেখাচ্ছে একাধিক দেশ।
সংবাদ লোড হচ্ছে...





