দীর্ঘ প্রায় ২২ বছর পর কক্সবাজার যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজারে আসার সম্ভাবনা রয়েছে। ওই দিন তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনে শহীদ ছাত্রদল নেতা, কক্সবাজারের পেকুয়া উপজেলার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। তবে এখনও দাপ্তরিকভাবে সফরের বিষয়টি নিশ্চিত করা হয়নি।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, তারেক রহমান রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ১৮ জানুয়ারি কক্সবাজারে আসবেন। তিনি আরও বলেন, তার সফরকালে ‘সবার আগে বাংলাদেশ’ গাড়িতে কোথায় কোথায় যাবেন এবং কোন কর্মসূচিতে অংশ নেবেন, সেসব স্থান পরিদর্শন করে দলের ঊর্ধ্বতন নেতাদের জানানো হবে। এরপরই আনুষ্ঠানিক সফরসূচি ঘোষণা করা হবে।

কক্সবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, “দীর্ঘদিন পর দেশে আসা আমাদের নেতা তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখবেন। এটা জেলা বিএনপির জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয়।”

জেলা বিএনপির তথ্য অনুযায়ী, তারেক রহমান সর্বশেষ ২০০৩ সালে কক্সবাজার এসেছিলেন। ওই সময় তিনি শহরের একটি হোটেলে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলে যোগ দিয়েছিলেন। দীর্ঘ প্রায় ২২ বছর পর আবারও তিনি পর্যটন শহরে আসছেন।

উল্লেখ্য, ১৬ জুলাই ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চট্টগ্রামের মুরাদপুর এলাকায় পুলিশের ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে শহীদ হন ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন এবং চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন। ওয়াসিম কক্সবাজার জেলার পেকুয়ার বাসিন্দা ছিলেন এবং জেলা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদের এলাকার।