বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা-১৭ আসনের নির্বাচনী কমিটির প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মতো পরীক্ষিত নেতৃত্ব হিসেবে তারেক রহমানই আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিতে পারবেন।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাদপুরে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপির ইতিহাসে একটি উজ্জ্বল অতীত রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অস্থিতিশীল অর্থনীতি ও দুর্ভিক্ষের মধ্যেও শক্ত অবস্থান তৈরি করেছিলেন। বেগম খালেদা জিয়া শৃঙ্খলা ফিরিয়ে এনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন।
আব্দুস সালাম বলেন, বর্তমানে দেশে গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি এবং আসন্ন নির্বাচন সেই প্রাথমিক ধাপ হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, একটি মহল নির্বাচনের যথাযথ কার্যক্রম ব্যাহত করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দেশের জনগণের আস্থা অর্জন করেছেন তারেক রহমান।
তিনি আরও বলেন, বর্তমান অর্থনীতি, সমাজব্যবস্থা ও পররাষ্ট্রনীতি পুনর্গঠনে তারেক রহমানের কাছে স্পষ্ট পরিকল্পনা রয়েছে। অন্য কোনো দল এখনও পরিষ্কার পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ তারিখে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি সবসময় গণতন্ত্রের চর্চা করে, কিন্তু কিছু মহল ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। ভোট কোনো কেনাবেচার বিষয় নয়, এটি মানুষের মৌলিক অধিকার।
আব্দুস সালাম ধর্মের নামে ঘুষ দিয়ে ভোট নেওয়ার প্রচেষ্টার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, মানুষ দলবদ্ধভাবে ভোটে অংশ নেবে এবং ষড়যন্ত্র করে বিএনপিকে থামানো সম্ভব নয়।
সভায় বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা নাজিমউদ্দিন আলমসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





