বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন বলেছেন, ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। তিনি শুধু ক্ষমতা নয়, রাষ্ট্র মেরামতের কথাই বলছেন। তাই পরিকল্পিত বাংলাদেশ, পরিবর্তিত রাজনৈতিক সংস্কৃতি এবং নতুন নেতৃত্ব নিশ্চিত করতে তার নেতৃত্বের জন্য আমরা অপেক্ষা করছি।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ সফল করতে বিভাগীয় বিএনপির প্রস্তুতি সভায় স্বপন এ আহ্বান জানান। সভা বরিশাল ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
স্বপন বলেন, “আমাদের চেয়ারম্যান ইতোমধ্যেই প্রমাণ করেছেন যে তার একটি স্বপ্ন (‘হি হ্যাজ এ ড্রিম’) এবং পরিকল্পনা (‘আই হ্যাভ এ প্ল্যান’) রয়েছে। যত বেশি মানুষ তার পরিকল্পনা সম্পর্কে জানতে পারবে, তত দ্রুত তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে নতুন পর্ব শুরু হবে।”
তিনি আরও বলেন, “স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন নেতৃত্বকে ঘিরে পর্বগুলো গিয়েছে—মরহুম শেখ মুজিবুর রহমান, এরশাদ, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনার শাসনামল। এখন স্বাধীনতার ৫৫ বছর পর আমরা শুধু ভবিষ্যতের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ঘিরে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছি। তিনি ক্ষমতার কথা নয়, রাষ্ট্র মেরামতের কথাই বলছেন। ফ্যাসিবাদ উৎখাতের সংগ্রামের সময়েও তার কর্মসূচি রাষ্ট্র সংস্কারের দিকে কেন্দ্রীভূত। আমরা সবাই মিলেমিশে তার জন্য সেই সুযোগ তৈরি করব।”
প্রস্তুতি সভায় কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের প্রার্থী মজিবর রহমান সরোয়ার, বরিশাল-১ আসনের প্রার্থী জহির উদ্দিন স্বপন, জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান।
সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিএনপির বরিশাল বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু। এতে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থী, বিভাগীয়, জেলা ও মহানগর নেতৃবৃন্দ এবং সাংগঠনিক ৮টি জেলা ও উপজেলার জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
সভা শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।





