হবিগঞ্জের ৫০ হাজার বিএনপি নেতা-কর্মী বৃহস্পতিবার ঢাকায় এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাবেন। ইতোমধ্যে জেলা থেকে নেতাকর্মীরা ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছেন বলে জানিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের সূত্ররা।
সূত্র জানায়, নেতাকর্মীরা সড়কপথে বিপুল সংখ্যক বাস ও মাইক্রোবাসের পাশাপাশি সিলেট-ঢাকা অভিমুখী বিভিন্ন আন্তঃনগর ট্রেনে যাত্রা করবেন। অনেকেই আগেভাগে টিকেট সংগ্রহ করেছেন, আর যারা টিকেট পাননি তারা আসনবিহীন টিকেটে ট্রেনে সাফর করবেন।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে শায়েস্তা-গঞ্জ রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জানান, তিনিসহ ছাত্রদলের অর্ধশতাধিক নেতাকর্মী তার সাথে ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করছেন। তার সভাপতিসহ শতাধিক নেতাকর্মী ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন।
জেলার বিভিন্ন ইউনিট থেকে আরও দুই থেকে তিন হাজার নেতা-কর্মী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের সংবর্ধনায় অংশ নেবেন।
হবিগঞ্জ-৩ আসনে বিএনপি মনোনীত সাংগঠনিক সম্পাদক জি কে গউছ জানান, ২৫ ডিসেম্বর সকালেই ঢাকায় তারেক রহমানের সভাস্থলে হবিগঞ্জ জেলার ৫০ হাজারের বেশি নেতা-কর্মী উপস্থিত থাকবেন। তিনি বলেন, “আমরা প্রিয় নেতা তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বাস ও ট্রেনে জেলার প্রতিটি ইউনিট থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ঢাকায় আসবেন। আশা করি, এই সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যাবে।”
শায়েস্তা-গঞ্জ রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম দাস জানান, ২৩ ডিসেম্বর থেকেই স্টেশনে যাত্রীদের ভিড় বেশি দেখা যাচ্ছে। বিভিন্ন ট্রেনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছে।





