দীর্ঘ দেড় যুগের নিরবচ্ছিন্ন রাজনৈতিক লড়াই-সংগ্রামের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। আগামী ২৫ ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখবেন।


তার প্রত্যাবর্তন ঘিরে দেশের অন্যান্য জেলার তুলনায় বগুড়ায় অনুভূতি আরও গভীর। কারণ, এই জেলাই বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি। বাবার উত্তরসূরির দেশে ফেরার খবরে বগুড়াবাসীর চোখে আনন্দের পাশাপাশি জেগে উঠেছে নতুন আশার আলো। দীর্ঘ ১৭ বছরের বঞ্চনা, থমকে থাকা উন্নয়ন ও অবহেলার অবসান দেখার অপেক্ষায় রয়েছেন তারা।


তারেক রহমানের পূর্বপুরুষদের ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামসহ পুরো জেলায় তার প্রত্যাবর্তন নিয়ে আলোচনা তুঙ্গে। এই গ্রাম থেকেই প্রায় ৪৩ বছর আগে এরশাদবিরোধী আন্দোলনের সূচনা করেছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশে ফেরার পর তারেক রহমান তার পৈতৃক ভিটায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে প্রত্যাশা স্থানীয়দের। তাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন এলাকার সব বয়সী মানুষ।


এলাকার প্রবীণ বাসিন্দা আছির উদ্দিন বলেন, তারেক রহমানের দেশে ফেরা আমাদের জন্য আনন্দের খবর। তিনি এলে দেশ ও মানুষের উপকার হবে।


বাগবাড়ি গ্রামের তরুণ ফয়সাল রহমান বলেন, তারেক রহমানের দাদা ও বাবার জন্ম এই গ্রামে। তিনি দেশে এলে অবশ্যই এখানে আসবেন। তার আগমন আমাদের সবার জন্য গর্বের।


স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বগুড়ায় বিএনপির ব্যাপক সমর্থন থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা চাপের মুখে পড়তে হয়েছে নেতাকর্মীদের। রাজনৈতিক পটপরিবর্তনের পর এখন আবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ পরিবার নিয়ে প্রকাশ্যে কথা বলার সুযোগ তৈরি হয়েছে।


গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন বলেন, বগুড়ার সব শ্রেণি-পেশার মানুষ ঢাকায় যাবেন ঘরের ছেলেকে ঘরে বরণ করে নিতে। ইতোমধ্যে হাজারো গাড়ি বুকিং দেওয়া হয়েছে। ঢাকার আনুষ্ঠানিকতা শেষে জানুয়ারির শুরুতেই তারেক রহমান বগুড়ায় আসবেন বলে আশা করা হচ্ছে।


জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মোশারফ হোসেন বলেন, কোটি মানুষের ভালোবাসা নিয়ে তারেক রহমান দেশে ফিরছেন। তাকে একনজর দেখার জন্য বগুড়ার মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছে।


বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ জানান, তারেক রহমান অবশ্যই তার পিতৃভূমি বাগবাড়িতে যাবেন এবং আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে স্মৃতিময় সময় ভাগ করে নেবেন।


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক রহমান।


দলীয় সূত্র জানায়, তিনি প্রথমে সিলেটে পৌঁছাবেন, পরে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। সেখান থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর পূর্বাচলে আয়োজিত সংবর্ধনা সভায় অংশ নেবেন।


এই কর্মসূচি সফল করতে বগুড়া বিএনপির ২৪টি ইউনিট থেকে প্রায় এক হাজার গাড়ির বহর ঢাকায় যাবে। ১৯ ডিসেম্বর শহরের নবাববাড়ী দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বগুড়ায় তার আগমনের দিন তাকে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ওই সময় তিনি বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে জনসভায় অংশ নেবেন বলে জানা গেছে।