বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তিনি ফরম সংগ্রহ করেন।
প্রায় ১৭ বছরের প্রবাস জীবন শেষে তারেক রহমানের দেশে ফেরার দিনেই এই মনোনয়নপত্র সংগ্রহের ঘটনা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বগুড়া শহরের খান্দার এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে যান অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল। ফরম বুঝে নেওয়ার সময় তার সঙ্গে জামায়াতের জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র গ্রহণের পর তিনি সাংবাদিকদের বলেন, “এই আসনে আমার সঙ্গে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মা, আমাদের শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া, এই আসন থেকে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন। আমি তার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করছি।”
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি আরও বলেন, “আজ তারেক রহমান বাংলাদেশে এসেছেন। জামায়াতের পক্ষ থেকে আমরা তাকে শুভেচ্ছা জানাই। আমরা বগুড়াবাসীর কাছে আশা করছি, তারা সব বিষয় বিবেচনা করে আমাদের পক্ষে রায় দেবেন। বিগত ৫৪ বছরে তিনটি দল দেশ শাসন করেছে, কিন্তু সাধারণ মানুষের চাওয়া-পাওয়া পূরণে তারা ব্যর্থ হয়েছে।”
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, “জামায়াতে ইসলামীর আমির দুর্নীতিমুক্ত ও সুশাসনের কথা বলেছেন। সুশাসন প্রতিষ্ঠিত হলে নতুন প্রজন্মের প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভব।” তিনি জুলাই আন্দোলনের শহীদ ও সম্প্রতি প্রয়াত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করেন।
এ দিকে, গত রবিবার (২১ ডিসেম্বর) জেলা বিএনপির শীর্ষ নেতারা তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র তুলেছিলেন। জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানিয়েছিলেন, দলীয় প্রধানের নির্দেশেই এই আসনে মনোনয়নপত্র তোলা হয়েছে।
বগুড়া সদর আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৯ হাজার। ঐতিহ্যগতভাবে এটি বিএনপির গুরুত্বপূর্ণ আসন, যেখানে অতীতে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন খালেদা জিয়া। এবার প্রথমবারের মতো এখানে ভোট দিতে যাচ্ছেন তারেক রহমান।





