বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমনকে কেন্দ্র করে রাজধানীর নির্দিষ্ট এলাকায় সব ধরনের ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি অধ্যাদেশের ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তারেক রহমানের গমনাগমন সংশ্লিষ্ট একাধিক সড়ক ও এলাকা। এর মধ্যে বিমানবন্দর থেকে জসীমউদ্দীন রোড, এয়ারপোর্ট রোড হয়ে কুড়িল ফ্লাইওভার, সেখান থেকে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (পূর্বাচল) হয়ে এভারকেয়ার হাসপাতাল এলাকা অন্তর্ভুক্ত রয়েছে। পাশাপাশি বিমানবন্দর থেকে বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ, গুলশান-২ সার্কেল থেকে গুলশান নর্থ এভিনিউ হয়ে তারেক রহমানের বাসভবন পর্যন্ত এলাকাতেও ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।

ডিএমপি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া উল্লিখিত এলাকায় ড্রোন উড্ডয়ন করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নিরাপত্তা নিশ্চিত করতে এ বিষয়ে সবার সহযোগিতা কামনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।