চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত আনন্দমিছিলের পর এক দলীয় নেতা আকস্মিকভাবে মারা গেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে এই ঘটনা ঘটে।

নিহত বিএনপি নেতা আবুল বশর (৫৫) ইছাখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চুনিমিঝির টেক গ্রামের মৃত আহাম্মদ হকের ছেলে এবং ইউনিয়ন বিএনপির সদস্য ছিলেন।

দলীয় সূত্র জানায়, আনন্দমিছিল শেষে কার্যালয়ে পৌঁছানোর পর আবুল বশর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইছাখালী ইউনিয়ন কৃষক দলের সভাপতি জিয়াউর রহমান বলেন, “তিনি মিছিলে অংশ নিয়েছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়ার পর আর বাঁচানো যায়নি।”

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজু সিংহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোকের কারণে মৃত্যুবরণ করেছেন।

আজ বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। এই আকস্মিক মৃত্যুতে ইউনিয়ন ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন।