আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতোমধ্যেই তার আগমনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে রাজনৈতিক আলোচনার পাশাপাশি নেটিজেনদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে তারেক রহমানের প্রিয় পোষা বিড়াল ‘জেবু’। প্রশ্ন উঠেছে—জেবুও কি তারেক রহমানের সঙ্গে দেশে ফিরছে?
একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সাইবেরিয়ান ব্রিডের জেবুর বয়স ৭ বছর। আলোচিত এই বিলাতি বিড়ালটির জন্য ইতোমধ্যেই পাসপোর্টসহ প্রয়োজনীয় সকল অনুমোদন গ্রহণ করা হয়েছে। তাই নিশ্চিতভাবে বলা যায়, তারেক রহমান শুধু পরিবার নয়, আদরের বিড়াল জেবুকেও সঙ্গে নিয়ে দেশে ফিরছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানের ব্যস্ততার ফাঁকে জেবুর সঙ্গে খুনসুটি করার ছবি আগেও ভাইরাল হয়েছে। প্রাণীর প্রতি তার ভালোবাসা বিভিন্ন সময় প্রশংসিত হয়েছে।
এর আগেও তিনি নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে জেবুর সঙ্গে কাটানো মুহূর্ত শেয়ার করলে তা ব্যাপক জনপ্রিয়তা পায়। এভাবেই বিএনপি নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনদের মধ্যেও জেবু পরিচিতি পেয়েছে।
সম্প্রতি বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তারেক রহমান পোষা প্রাণী এবং প্রাণীপ্রেম নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি হাসতে হাসতে জানান, বিড়ালটি মূলত তার মেয়ের, তবে এখন পরিবারের সবারই প্রিয় হয়ে উঠেছে। সাক্ষাৎকারে তিনি বিড়ালের নাম ‘জেবু’ বলেও উল্লেখ করেছেন।
মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রাণীর প্রতি মমতার প্রসঙ্গেও তিনি মত প্রকাশ করেন। তারেক রহমান বলেন, আল্লাহ মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন, তাই প্রতিটি সৃষ্টির প্রতি সম্মান ও যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে মানুষের জীবনও বিপন্ন হতে পারে।





