বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জ সফর করতে পারেন—এমন খবরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, একটি বার্তার মাধ্যমে জানানো হয়েছে যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী ৩১ জানুয়ারি সিরাজগঞ্জে আসবেন এবং দুই জেলা নিয়ে আয়োজিত একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এ খবর ছড়িয়ে পড়ার পর নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়েছে। শুধু নেতাকর্মীরাই নয়, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষও তাকে বরণ করতে প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
বাচ্চু আরও বলেন, এর আগে তারেক রহমান তার প্রথম সফর হিসেবে সিরাজগঞ্জে আসার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে নির্বাচন কমিশনের অনুরোধে সে সফর স্থগিত করা হয়। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিরাজগঞ্জের একটি আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। সে কারণে সিরাজগঞ্জের সঙ্গে তারেক রহমানের বিশেষ সম্পর্ক ও গুরুত্ব রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, আগামী ২৯ জানুয়ারি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজশাহী সফর করবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।





