ভোটের দিন তাহাজ্জুদ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ জামাতে আদায় এবং সারা দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রোববার (২৫ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সবাই মিলে ভোট দিয়ে কেন্দ্রেই অবস্থান করতে হবে এবং ফলাফল নিশ্চিত করে ঘরে ফিরতে হবে।
জনসভায় তারেক রহমান গ্রামাঞ্চলের নারী ও শিশুদের চিকিৎসাসেবা জোরদারে সারা দেশে হেলথ কেয়ার ব্যবস্থা চালুর কথা জানান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রবর্তিত পল্লী চিকিৎসক ব্যবস্থার আদলে ছোটখাটো অসুস্থতায় মানুষ যেন ঘরে বসেই চিকিৎসা পায়, সে ব্যবস্থা করা হবে।
২০২৪ সালের বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, উজানের পানিতে ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলাবদ্ধতা নিরসনে এসব এলাকায় খাল খনন কর্মসূচি নেওয়া হবে।
তরুণ ও যুব সমাজের কর্মসংস্থানের বিষয়ে তারেক রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের জন্য ভাষা শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করে যুবকদের বিদেশে পাঠানো হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষ এমন পরিবর্তন চায় যাতে তাদের কষ্ট লাঘব হয় এবং তারা নিরাপদে বসবাস করতে পারে। এজন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে।
বিগত সরকারের বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচারের অভিযোগ তুলে তারেক রহমান বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।





