ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসনে ভোট কারচুপির অভিযোগে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে ব্যালট পেপারসহ সব নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. জাকির হোসেন-এর নেতৃত্বাধীন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
আদালত সংশ্লিষ্ট ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনের ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সামগ্রী নিজ হেফাজতে রাখতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই আসনগুলোর বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।
আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উল্লিখিত আসনগুলোতে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে আবেদন করা হয়। প্রাথমিক শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে বিশেষ নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বর্তমানে বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে সংশ্লিষ্ট মামলাগুলোর শুনানি চলছে।





